২০২৪ সালে অ্যাপ ডাউনলোড কমলেও ভোক্তা ব্যয় বেড়েছে
বিশ্বব্যাপী অ্যাপ ইকোনমি ২০২৪ সালে পুনরুদ্ধারের পথে এগিয়েছে, বিশেষ করে ভোক্তা ব্যয়ের ক্ষেত্রে। ২০২৪ সালে অ্যাপ স্টোর এবং গুগল প্লে-তে মোবাইল অ্যাপ এবং গেমের উপর ভোক্তা ব্যয় ১২৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই বৃদ্ধি প্রধানত অ্যাপল অ্যাপ স্টোরের মাধ্যমে হয়েছে, কারণ গুগল প্লে-এর ব্যয় কমেছে বলে অ্যাপ ইন্টেলিজেন্স ফার্ম অ্যাপফিগারস জানিয়েছে। খবর টেকক্রাঞ্চ।
২০২৪ সালে বিশ্বব্যাপী অ্যাপ ডাউনলোড ২.৩ শতাংশ হ্রাস পেয়েছে, মোট প্রায় ১১০ বিলিয়ন ডাউনলোডে নেমে এসেছে। এই হ্রাস উভয় অ্যাপ স্টোরেই দেখা গেছে। আইওএস অ্যাপ ডাউনলোড ১.১ শতাংশ কমে ২৮.৩ বিলিয়ন হয়েছে এবং অ্যান্ড্রয়েড ডাউনলোড ২.৬ শতাংশ কমে ৮১.৪ বিলিয়নে নেমে এসেছে।
২০২৪ সালে গুগল প্লে-তে স্প্যাম এবং নিম্নমানের অ্যাপ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে নতুন অ্যাপ প্রকাশ ৬০ শতাংশ কমেছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রে আইওএস ডাউনলোড ৫.৩ শতাংশ হ্রাস পেয়ে ৬.১ বিলিয়ন হয়েছে, এবং গুগল প্লে ডাউনলোড ০.৭ শতাংশ কমে ৪.৪ বিলিয়নে নেমেছে। যুক্তরাষ্ট্রের মোট অ্যাপ ডাউনলোড ৩.৪ শতাংশ হ্রাস পেয়ে ১০.৬ বিলিয়নে দাঁড়িয়েছে বলে খবরে জানানো হয়।
২০২৪ সালে প্রায় ৬৪০ মিলিয়ন ইনস্টল নিয়ে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ ছিলো ইনস্টাগ্রাম। তবে যুক্তরাষ্ট্রে টেমু শীর্ষে ছিল, ৪৮ মিলিয়ন ইনস্টলের মাধ্যমে।
২০২৪ সালে ভোক্তা ব্যয়ের ১২৭ বিলিয়ন ডলারের মধ্যে ৯১.৬ বিলিয়ন ডলার এসেছে অ্যাপ স্টোর থেকে, যা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, গুগল প্লে-এর ব্যয় ১.৫ শতাংশ কমে ৩৫.৭ বিলিয়ন ডলার হয়েছে।
গ্লোবাল ভোক্তা ব্যয়ের ক্ষেত্রে শীর্ষে ছিলো টিকটক, যা ২.৫ বিলিয়ন ডলার আয় করেছে। ভোক্তা ব্যয়ের ক্ষেত্রে ব্রাজিল ছিলো সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া বাজার, যেখানে গত বছরের তুলনায় ব্যয় ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডিবিটেক/বিএমটি







